বেসরকারি শিক্ষকদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “নবম জাতীয় পে-স্কেল ও বেসরকারি শিক্ষকদের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। চার মাসে সব সমস্যার সমাধান হয়নি, হবেও না। তবে পে-স্কেলে শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে সরকার বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, “সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি চর্চা জোরদারে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। উপজেলা পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিক্ষকরা সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে দক্ষ শিক্ষক পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

