ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরীক্ষামূলকভাবে সফলতা পাওয়ার পর প্রথম ধাপে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ডিএমপির পাশাপাশি সহযোগিতা করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভা সূত্রে জানা যায়, প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ধাপে ধাপে স্বয়ংক্রিয় করতে এই আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হবে না—এটি মূলত ডিএমপির নিজস্ব তহবিল থেকেই বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের কয়েকটি মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব সিগন্যাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশীয় প্রযুক্তিতে তৈরি করে।
বর্তমানে চলমান পরীক্ষামূলক ধাপে চলতি বছরের ৭ মে থেকে কয়েকটি ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করে ডিএমপি। এআই-ভিত্তিক ক্যামেরার মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তের সফটওয়্যারও সংযুক্ত করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস দীর্ঘ হলেও অতীতে একাধিক প্রকল্প অকার্যকর হয়ে পড়ে। ১৯৯৯ থেকে ২০০৫ সাল, ২০০৯ থেকে ২০১৯ সাল এবং জাইকার অর্থায়নে পরিচালিত কিছু প্রকল্প বাস্তবায়নের পরও সেগুলো টেকসই হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এআইভিত্তিক বর্তমান উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে রাজধানীর যানজট ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

