চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের এক দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোরীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি প্রতিবেশীর বাড়ির পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে একটি মুক্তিপণের চিঠি পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে পাঁচজন প্রতিবেশীকে আটক করা হয়।
আটকরা হলেন—মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক এক কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতেই রাতের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনায় ব্যবহৃত কথিত মুক্তিপণের চিঠিও জব্দ করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

