পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) জেলার আহমাদজাই থানার ফাং মুসা খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) নিক্ষেপ করা হলে হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সময় বহনকারী গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানান, জোড়া বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্টের মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিরীহ বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী ও তাদের সহযোগীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, নিহতদের পরিবারের পাশে থাকবে প্রাদেশিক সরকার এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোকে একা ছেড়ে দেওয়া হবে না।

