যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ। তিনি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার হিজবুল্লাহর রয়েছে।
শনিবার (২০ জুন) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে হাসান ফাদলাল্লাহ বলেন, চারদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও তাদের প্রধান বিবেচনার বিষয় হলো—ইসরাইল যেন এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে সম্মান করে। তিনি অভিযোগ করেন, ইসরাইল নতুন করে লেবাননের বিভিন্ন এলাকা ও গ্রামে হামলার চেষ্টা চালাচ্ছে এবং নতুন অবস্থান দখলেরও চেষ্টা করছে।
শুক্রবার (১৯ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে সামরিক তৎপরতা ও বোমাবর্ষণ শুরু করে ইসরাইলি বাহিনী। এর পরিপ্রেক্ষিতেই কঠোর প্রতিক্রিয়া জানায় হিজবুল্লাহ।
বিবৃতিতে ফাদলাল্লাহ আরও বলেন, ইসরাইল একটি আগ্রাসী ও দখলদার শক্তি। ফলে তারা যখনই লেবাননের ওপর হামলা চালাবে, তখনই দেশের ভূখণ্ড রক্ষা এবং প্রতিরোধ গড়ে তোলার আইনগত ও নৈতিক অধিকার হিজবুল্লাহর রয়েছে।
এদিকে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধবিরতি চুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে ইসরাইলি হামলা সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া কঠোর বার্তাও সেই উত্তেজনার ইঙ্গিত বহন করছে।

