লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।
ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ ও আগ্রাসনের জবাব হিসেবে এটি তাদের প্রথম পদক্ষেপ।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে ভবিষ্যতে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

