ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে তৎপরতা শুরু করেছে ইরান। দেশটি এখন হরমুজ প্রণালিকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরছে।
গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালি নিয়ে একাধিক দফায় আলোচনা করেছে ইরান ও ওমান। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বদর আলবুসাইদি জানান, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালি-সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি বলেন, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।
তবে এর আগেই ইরান ইঙ্গিত দিয়েছিল, কৌশলগত এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভবিষ্যতে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের আগে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, তা আর আগের অবস্থায় ফিরবে না।
তবুও আপাতত ইরান ও ওমান উভয়ই নিশ্চিত করেছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযানের জন্য টোলমুক্ত এবং উন্মুক্ত থাকবে।

