টানা দুই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে লিওনেল মেসির দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে।
আজ সকালে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচ শেষে আর্জেন্টিনার গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়। ফলে শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।
‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দে। তারা যদি সৌদি আরবকে হারাতে পারে, তাহলে ইতিহাস গড়ে নকআউটে উঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
অন্যদিকে উরুগুয়ে যদি স্পেনকে হারায়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।

