চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৪২) জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি এবং স্থানীয় ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা ছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাদামবিবিরহাট এলাকায় মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন তিনি।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

