রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩১ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টি-কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

