প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশেও এর প্রমাণ রয়েছে। জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদই কারও জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সরকার জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তা অনেকাংশে পুলিশের ভূমিকার ওপর নির্ভর করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

