দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খাতকে সম্পূর্ণভাবে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই ফান্ডটি সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।

