আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
রোববার (১০ মে) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের বড় ভূমিকা রয়েছে। সন্তানদের গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা। মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিন প্রয়োজন না হলেও ভালোবাসা প্রকাশের জন্য মা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে।
বাণীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, নারী সমাজের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থিক ও সামাজিক উন্নয়নেও তার ভূমিকা ‘কিংবদন্তিতুল্য’। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন।
সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করা উচিত। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।

