হিজবুল্লাহ–ইসরায়েল সংঘাতের নতুন ধাপে লেবাননের অর্থনীতি আরও গভীর সংকটে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্বলতায় থাকা দেশটি এখন যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
আমের বিসাত আল জাজিরাকে জানিয়েছেন, ২ মার্চের পর সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননের প্রায় ২০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশের সমান।
তিনি আরও বলেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে কয়েকশ কোটি ডলার প্রয়োজন হতে পারে।
আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, চলমান পরিস্থিতিতে লেবাননের সরকারের পক্ষে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সরকার বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে আশ্রয় দিচ্ছে, তবে আরও কয়েক লাখ মানুষ নিজেদের মতো করে সংকট মোকাবেলা করছে।
তিনি বলেন, আগের যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলাকালীনই নতুন সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
অর্থমন্ত্রী জানান, গত কয়েক সপ্তাহে প্রায় ১২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এতে দেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অনেক মানুষ চাকরি হারাচ্ছেন, কৃষি উৎপাদন কমে গেছে এবং বহু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে বিদেশি পর্যটক কমে যাওয়ায় পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন এই যুদ্ধ পরিস্থিতি লেবাননের অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

