বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এর মধ্যে চলতি মাসেই ১ হাজার ৫০০ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।
রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান কোম্পানির প্রতিনিধিদল।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি)–এ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে চলতি দফায় ১ হাজার ৫০০ জনসহ মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের বিদেশি নিয়োগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, এ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

