আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পশুর হাটের নিরাপত্তা এবং জনসুরক্ষা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সালাহউদ্দিন আহমদ।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা।
বিশেষ মনিটরিং সেল ও হটলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদরদপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। এছাড়া র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি সেবার জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) এবং বিআইডব্লিউটিএ (১৬১১৩)সহ বিভিন্ন হটলাইন চালু থাকবে।
পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা
মন্ত্রী জানান, সারাদেশে মোট ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি হাট থাকবে।
প্রতিটি হাটে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংক বুথ ও মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তায় প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন থাকবে।
চাঁদাবাজি ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থান
সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ও সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি করবে।
চামড়া পাচার রোধে বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানি পরবর্তী দুই ঘণ্টার মধ্যে চামড়া লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এজন্য সরকার ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে।
শ্রমিক বেতন ও পরিবহন ব্যবস্থাপনা
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, মহাসড়কের সংস্কার এবং ফেরি-লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত ও নিরাপত্তা পরিস্থিতি
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে দেশজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন সম্ভব হবে।

