স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভাটি স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।
সভায় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে।
এছাড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

