শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আলোচনা করবো কীভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস সম্পন্ন করে সময় নষ্ট না করে এগিয়ে নেওয়া যায়। অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে এসএসসি পাস করতে ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরেই শেষ হয় এবং এইচএসসি ১২ বছরের মধ্যেই সম্পন্ন করা যায়। কোনো সেশনজট যেন না হয়, শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে এবং পরীক্ষাগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষার পরিবেশ আগের তুলনায় ভালো হয়েছে। কারণ সবাই চায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। “জোর করে কাউকে কিছু করানো যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রকল্পভিত্তিক,”— যোগ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে তরুণ ও মানবসম্পদকে উল্লেখ করেন। এ সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

