কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নুরে ইলাহী নাদিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নাদিম চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের বাসিন্দা এবং সাংবাদিক অলি উল্লাহ রনির মেঝ ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাদিম তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানির স্রোতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক রিদুয়ানুল হক জানান, নাদিম ছিল শান্ত, ভদ্র ও মেধাবী একজন শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সহকর্মী সাংবাদিক অলি উল্লাহ রনির সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিনসহ স্থানীয় সাংবাদিক নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

