যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কাতারে একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে তাৎক্ষণিক বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার ইরান থেকে ছোড়া অন্তত দুইটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় শনাক্ত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী সেগুলো প্রতিহত করে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার সকালে আবুধাবি থেকে আসা একটি বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর-পূর্বে কাতারের জলসীমায় প্রবেশের সময় ড্রোন হামলার শিকার হয়। এতে জাহাজে সীমিত অগ্নিকাণ্ড ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, জাহাজটি কাতারের জলসীমায় অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে ব্রিটেনভিত্তিক একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, দোহার উত্তর-পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া কুয়েতের সামরিক বাহিনীও জানিয়েছে, রোববার ভোরে দেশটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
এই ধারাবাহিক ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

