মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হয়ে প্রায় ৬০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে মুক্ত হয়ে পায়ে হেঁটে বের হন।
মুক্তির পর ইমি বলেন, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ ও শ্রদ্ধা করেন বলেই ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলেন। তার ভাষায়, “এটা কি অন্যায়?” তিনি অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারা মব সৃষ্টি করে তাকে থামানোর চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী মামলায় তিনি জামিন পান এবং আইনি জটিলতার কারণে সাত দিন পর মুক্তি লাভ করেন।
তার বাবা শেখ গোলাম ইকবাল বলেন, তার মেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে মবের শিকার হয়ে কারাবন্দি হয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, টেলিভিশনে ৭ মার্চের ভাষণ প্রচার বৈধ হলে তার মেয়ের ক্ষেত্রে সেটি কেন অপরাধ হিসেবে গণ্য হলো।
এর আগে কারাগার গেটে ইমির বাবা-মা ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে গ্রহণ করতে অপেক্ষা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ শাহবাগ এলাকায় রিকশায় মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

