কুমিল্লা নগরীতে মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে স্মৃতি আক্তার (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
রোববার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে নগরীর ছোটরা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
নিহত স্মৃতি আক্তার জেলার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে স্মৃতি তার মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছোটরা মফিজাবাদ কলোনিতে আসে। অনুষ্ঠান শেষে রাতে মা কোহিনুর আক্তারের সঙ্গে বাসায় ফেরার পথে জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে তারা ফুটপাত ধরে হাঁটছিলেন। এ সময় হঠাৎ মায়ের হাত থেকে পিছলে পড়ে ড্রেনে পড়ে যায় শিশুটি।
প্রায় ২০ মিনিট পর ড্রেন থেকে ৩০-৪০ ফুট দূর থেকে স্মৃতির নিথর দেহ উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকাটির ড্রেনের ওপর থাকা অনেক স্ল্যাব ভেঙে পড়ে আছে। বৃষ্টির সময় এসব স্থানে গর্ত ও ম্যানহোল বোঝা যায় না, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে নগরীর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশুর মরদেহ উদ্ধার করি। ড্রেনের স্ল্যাব দ্রুত মেরামত করা জরুরি।”
সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, শিশুটির পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং ওই এলাকার ড্রেনের স্ল্যাব দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

