মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, জুনের তৃতীয় সপ্তাহজুড়ে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রত্যাবাসিতদের মধ্যে ১৩২ জন মিয়ানমারের, ২২ জন বাংলাদেশের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এসব বন্দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে।
এছাড়া জানানো হয়, মালয়েশিয়ার বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে সাজা শেষ করার পর এসব বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত সবাইকে ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে তারা নির্ধারিত সময়ের মধ্যে আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

