চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাসিন ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। সে দক্ষিণ আমবাড়িয়া নূরানি মাদ্রাসার প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরে বই-খাতা রেখে সে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখে অন্য শিশুরা চিৎকার করে পরিবারকে খবর দেয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাকে মিরসরাই উপজেলা (মস্তাননগর) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজন মোজাম্মেল হক জানান, মুনতাসিন দুই ভাইয়ের মধ্যে বড় ছিল। মঙ্গলবার বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

