মালয়েশিয়ার রাজনীতিতে আগাম সাধারণ নির্বাচন নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই সোমবার (১৮ মে) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাতীয় প্রাসাদে রাজা সুলতান ইব্রাহিম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগের দিন রোববার (১৭ মে) আনোয়ার ইব্রাহিম আগাম নির্বাচনের সম্ভাবনার ইঙ্গিত দেন। তবে সোমবারের এই বৈঠককে রাজপ্রাসাদ “নিয়মিত সাক্ষাৎ” হিসেবে উল্লেখ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের প্রধান সচিবও উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী দপ্তর থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
মালয়েশিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের শুরুতে হওয়ার কথা। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্ষমতাসীন জোটের ভেতরের মতবিরোধ এবং আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে আগাম নির্বাচনের আলোচনা জোরালো হচ্ছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, জোটের অভ্যন্তরীণ বিভেদ আরও বাড়লে তিনি আগাম নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারেন। বর্তমানে তার নেতৃত্বাধীন সরকারে রয়েছে পাকাতান হারাপান, বারিসান ন্যাশনালসহ কয়েকটি ছোট দল।
এদিকে বারিসান ন্যাশনাল ঘোষণা দিয়েছে, তারা আসন্ন জোহর রাজ্য নির্বাচনে পাকাতান হারাপানের সঙ্গে জোট না করে ৫৬টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক দুই মন্ত্রী রাফিজি রামলি ও নিক নাজমি নিক আহমাদের দলত্যাগের ঘোষণা, যারা ক্ষমতাসীন দল পিকেআর থেকে সরে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, জোটের অভ্যন্তরীণ সংকট চলতে থাকলে মালয়েশিয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনা আরও বাড়তে পারে।

