বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে শহিদ হওয়া আনসার ও ভিডিপির ৬৭০ জন সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় ছিল বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, আনসার-ভিডিপি দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করছে। গ্রাম ও শহরে নিরাপদ সমাজ গঠন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং বিভিন্ন সেবা কার্যক্রম বাস্তবায়নে এই বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, বৃক্ষরোপণ, খাল খনন, পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার-ভিডিপির নেটওয়ার্ক কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান।
যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ ও কার্যক্রম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আনসার-ভিডিপির সদস্যদের প্রচেষ্টায় দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে এবং একটি বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

