ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে গাজীপুর মহানগর, জেলা ও টঙ্গী থানা বিএনপি পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।
মহানগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় গাজীপুর মহানগর বিএনপির শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন।
এদিকে বিকালে জেলা বিএনপি রাজবাড়ী রোডের কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন ও ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ জেলা নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের চেতনা আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা।
অন্যদিকে টঙ্গীতে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে বিশাল র্যালিপূর্ব সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।
বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

