ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এনডিটিভি–এর তথ্য অনুযায়ী, রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়।
ঘটনার সময় ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। তবে দ্রুত সবাইকে নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে।
একটি ভিডিওতে দেখা যায়, বগিটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং পাশের এলাকায় কিছু গাছে আগুন ছড়িয়ে পড়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের অন্য বগিতে করে কোটায় নেওয়া হবে। সেখান থেকে নতুন একটি বগি সংযুক্ত করে ট্রেনের যাত্রা পুনরায় শুরু করা হবে।
ট্রেনটি নম্বর ১২৪৩১ রাজধানী এক্সপ্রেস গত শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে। দিল্লির নিজামউদ্দিন স্টেশনে এর পৌঁছানোর কথা ছিল দুপুর সাড়ে ১২টায়। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২,৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং গন্তব্য দিল্লি থেকে তখনও প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

