ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসেছেন আন হুং ওয়েই নামের এক যুবক। তিনি বিয়ে করেছেন স্থানীয় তরুণী মোরশেদা বেগম–কে।
বিয়ের পর নবদম্পতি বর্তমানে অবস্থান করছেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোরশেদার পারিবারিক বাড়িতে। তার বাবা মোফাজ্জল হোসেনের বাড়িতে এখন ভিড় করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে আন হুং ওয়েই ও মোরশেদার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বাংলাদেশে এসে মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের পর তারা গ্রামের বাড়িতে ঘুরতে আসেন।
এলাকাবাসীরা জানান, বিদেশি নাগরিককে এক নজর দেখার জন্য প্রতিদিনই নানা বয়সী মানুষ ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
মোরশেদা জানান, মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। পরে আন হুং ওয়েই তাকে পছন্দ করে বাংলাদেশে এসে বিয়ে করেন। তিনি আরও জানান, স্বামী তাকে তার দেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আন হুং ওয়েই বলেন, “মোরশেদাকে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে খুব ভালোবাসি। এখানে এসে আমার খুব ভালো লাগছে।” এ সময় তিনি তাদের বিয়ের প্রমাণপত্রও দেখান।
স্থানীয় ফেরদৌস আলম জানান, ঘটনাটি শুনে তিনি নিজে দেখতে এসেছেন এবং ছেলেটিকে ভালো লেগেছে।
ফুলবাড়ী থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম বলেন, প্রেমের সম্পর্কের কারণে চীনা যুবকের কাশিপুরে আসার বিষয়টি তারা শুনেছেন।

