ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অবতরণের পর ট্যাক্সিওয়েতে চলন্ত অবস্থায় থাকা একটি বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। এ ঘটনায় বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে বিমানটি রানওয়ে ছেড়ে ধীরে ট্যাক্সিওয়ের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময়ই আকস্মিকভাবে ওই যাত্রী দরজা খুলে নিচে নেমে যান। ঘটনাটি মূল রানওয়েতে না ঘটলেও পরিস্থিতি মুহূর্তেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিমানটি তখন ধীরগতিতে চলছিল, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই ওই যাত্রী এমন আচরণ করেন। তিনি বমিভাব অনুভব করছিলেন এবং বিমানের ভেতরে অন্তত দু’বার বমি করেছিলেন বলে জানা গেছে। অসুস্থ হয়ে পড়ার কারণেই তিনি হঠাৎ এ সিদ্ধান্ত নেন বলে কর্মকর্তারা মনে করছেন।
ঘটনার পরপরই পাইলট বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

