সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল। অভিযানে বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পৃথকভাবে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ-জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজারও আটক করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার রাখতে এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

