শ্রীলংকার বৃহত্তম বেসরকারি হাসপাতাল আইসিরি সেন্ট্রাল হাসপাতাল-এর মূল প্রতিষ্ঠান সফট লজিক হোল্ডিংয়ের চেয়ারম্যান অশোক পাথিরেইজ বলেছেন, বিশেষ প্যাকেজের মাধ্যমে বাংলাদেশি রোগীদের ভারতের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত সপ্তাহে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সফট লজিক গ্রুপ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছে এবং প্রাথমিকভাবে একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপটির হাসপাতাল খাতের প্রধান প্রতিষ্ঠানই হলো আইসিরি সেন্ট্রাল হাসপাতাল, যা শ্রীলংকার বেসরকারি স্বাস্থ্যসেবায় অন্যতম বড় প্রতিষ্ঠান।
অশোক পাথিরেইজ বলেন, বাংলাদেশিরা বছরে বিপুল অর্থ চিকিৎসার জন্য বিদেশে ব্যয় করেন—ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নেন। এই রোগীদের একটি অংশকে শ্রীলংকার দিকে আকৃষ্ট করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ওপেন হার্ট সার্জারির মতো জটিল চিকিৎসা আইসিরি হাসপাতালে প্রায় ৬ হাজার ডলারের মধ্যে সম্পন্ন করা সম্ভব, যা ভারতের তুলনায় কম খরচে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রোগী ও তাদের পরিবারের জন্য বিমানভাড়া ও আবাসনসহ সমন্বিত প্যাকেজ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তিনি দাবি করেন, শ্রীলংকায় ভিসা প্রক্রিয়া সহজ, চিকিৎসা সেবা উন্নত এবং বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে ক্যানসার, নিউরো, কার্ডিয়াক ও আইভিএফসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়।
মতবিনিময় সভায় হাসপাতালের প্রধান কর্মকর্তা কেভিন হিয়ানকি চেং এবং চিফ অপারেটিং অফিসার ডা. সামান্তি ডি সিলভা উপস্থিত ছিলেন।

