জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে এই ঘটনা ঘটে। পরে একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— শিপন (১৯), ইব্রাহিম (২৫) ও ইউসুফ আলী (২০)। রায়ে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলায় সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় সাদিক নামে একজনকে খালাস দেন আদালত।
একই দিনে জামালপুরে আরও দুটি পৃথক মামলার রায় ঘোষণা করা হয়।
জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণের মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামে ধর্ষণ মামলায় হৃদয় মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এ ধরনের ধারাবাহিক রায়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে আদালত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

