ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষে যোদ্ধা সংগ্রহ ও মানবপাচারের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এ তালিকায় বাংলাদেশের একটি ভ্রমণসেবা প্রতিষ্ঠানও রয়েছে।
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় এসেছে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড’। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষকে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে পাঠানোর সঙ্গে জড়িত।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতারণা ও শোষণের দায়ে এই প্রতিষ্ঠানকে দায়ী করা হচ্ছে।
যুক্তরাজ্য সরকার মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের দাবি, এসব চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশি অভিবাসীদের যুদ্ধক্ষেত্রে বা অস্ত্র উৎপাদন কার্যক্রমে নিয়োগ করছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সের্গেই মেরজলিয়াকভ এবং আবিদ কালিদ শারিফ আবিদ। তাদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের কিছু দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোক নিয়োগের অভিযোগ রয়েছে।
নতুন এই পদক্ষেপটি যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ আইন’-এর আওতায় নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্টদের যুক্তরাজ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করা হবে।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে ঘিরে গড়ে ওঠা আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

