বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জ্বালানি দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
যুক্তরাষ্ট্রের পক্ষে ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে ড. খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ধন্যবাদ জানান।
অন্যদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস-এর কর্মকর্তাসহ মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই চুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশসহ অনেক দেশ বর্তমানে জ্বালানির সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
সমঝোতা স্মারকের আওতায় জ্বালানি উৎসের বহুমুখীকরণ, সক্ষমতা বৃদ্ধি, গবেষণা সহযোগিতা এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈবশক্তি খাতে দুই দেশের সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতে সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

