আগামী ১২ জুন পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুযায়ী, ৬ থেকে ১০ জুন পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো।
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরের আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ৬ জুন। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। লাফবরায় স্থানীয় সময় বিকেল ৩টায় মাঠে নামবে দুই দল।
এরপর ৯ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল-এর বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডে যাওয়ার পূর্বে স্কটল্যান্ডে একটি প্রস্তুতিমূলক সিরিজও খেলবে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল ও নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নারী ক্রিকেট দল, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ও পাকিস্তান নারী ক্রিকেট দল।
আগামী ১৪ জুন নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল-এর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগ্রেসরা। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ২০ জুন পাকিস্তান নারী ক্রিকেট দল, ২৫ জুন ভারত নারী ক্রিকেট দল এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল-এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

