গাজীপুরের টঙ্গী এলাকার মুদাফা পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই মালিকানাধীন প্রায় ২৫টি টিনশেড ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

