গাজীপুরের টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে তারই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
অভিযুক্তের নাম আব্দুল বিজয় হাওলাদার। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার ২ নম্বর ব্লকের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, রাতে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয় অভিযুক্ত বিজয়। পরে সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

