মেয়েদের উচ্চশিক্ষা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারেক রহমান আরও বলেন, ভালো ফলাফল করা মেয়েদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করা হবে, যাতে তারা আরও উৎসাহ পায়।
কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা স্বাবলম্বী হবেন।
তিনি বলেন, “দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা চাই আরও উৎপাদন বাড়াতে। কৃষকদের উন্নয়নই অর্থনীতিকে শক্তিশালী করবে।”
নারীদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যাবে।
সমাবেশে তিনি আরও বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

