ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী চার দিনের সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে আজ (শনিবার) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন।
ব্যস্ত ক্লাব মৌসুমের ফাঁকে ব্যক্তিগত কিছু কাজ সারতে তিনি এবার দেশে আসেন। সফরকালে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন এবং বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট কার্যক্রমেও অংশ নেন।
এ সময় হামজা বসুন্ধরা কিংস অ্যারেনা এবং নতুন কুঁড়ি স্পোর্টসে গিয়ে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটান।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কারণে ফিফা উইন্ডো ছাড়া সাধারণত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ কম পান এই মিডফিল্ডার। আগামী ৫ জুন বাংলাদেশ বনাম সান মারিনো প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৪ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে ক্যাম্পে যোগ দিতে দেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে ক্যাম্প শুরুর দুদিন আগেও তিনি আবার ঢাকায় ফিরতে পারেন বলে জানা গেছে।

