সিলেট নগরের ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসা করার সুযোগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হকাররা।
রোববার (১৭ মে) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভে নগরের বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন। এসময় অনেকের হাতে থালা-বাটি ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
হকাররা জানান, সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই বহু পরিবারের একমাত্র আয়ের উৎস।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযানের নামে ‘পুলিশি নির্যাতন’ ও মালামাল জব্দের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। তারা বলেন, উচ্ছেদ অভিযানে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অমানবিক।
হকাররা আরও বলেন, কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে কয়েক ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের আশপাশ, হাসান মার্কেট থেকে ধোপাদিঘী পর্যন্ত বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

