বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
বুধবার সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
মাহদী আমিন জানান, শুরুতে কিছু সংকট থাকলেও সরকার দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দর-কষাকষি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। তিনি বলেন, “ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই স্থিতিশীল রাখতে পেরেছি, যা অন্য অনেক দেশের তুলনায় ভালো অবস্থান নির্দেশ করে।”
তিনি আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে সরকার সুযোগ হিসেবে দেখছে এবং সেগুলো কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, এ সরকারের ক্ষমতার ভিত্তি জনগণ। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দেশে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য, সহাবস্থান এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করেন।

