ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ভিন্নমত, ভিন্ন চিন্তা বা ভিন্ন পোশাকের কারণে কোনো নারীকে নিয়ে নোংরা মন্তব্য, গালাগালি বা অপমান করা ইসলামের শিক্ষা নয়।
বৃহস্পতিবার (৭ মে) তিনি নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মতভিন্নতা বা সমালোচনা থাকতে পারে, তবে কাউকে হেয় করা বা অশ্রাব্য ভাষায় আক্রমণ করা কখনোই ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে মানুষ এত সহজে কাউকে উদ্দেশ করে নোংরা ভাষা ব্যবহার করতে পারে।
তার এই বক্তব্য অনলাইনে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে বলে জানা গেছে, যেখানে অনেকেই সামাজিক শালীনতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারে তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

