যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজার একটি বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ মাহমুদ উত্তেজিত হয়ে সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা হত্যার প্রতিবাদে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন। পরে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

