নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা একটি কুকুরকে তাড়াতে গিয়ে ছুড়ে মারা হাঁসুয়ার আঘাতে আহত হয়ে দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৫০) মারা যান।
নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে মোকাব্বের আলীর বাড়িতে একটি কুকুর হাঁসের বাচ্চা খেতে এলে সেটিকে তাড়ানোর চেষ্টা করে তার ৭ বছর বয়সী নাতি আলিফ। এ সময় সে কুকুরটির দিকে একটি হাঁসুয়া ছুড়ে মারে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে হাঁসুয়াটি গিয়ে তার দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মো. আব্দুল হান্নান জানান, রাজপাড়া থানা থেকে তথ্য পাওয়ার পর বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

