ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে জনসংখ্যা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটির কাজ প্রক্রিয়াধীন।
শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, রায়েরবাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করা হবে এবং সেখানে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ে নতুন একটি থানা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার কিছু অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ নামে আরেকটি নতুন থানা গঠনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
এছাড়া খিলগাঁও এলাকায়ও নতুন থানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “প্রস্তাবগুলো এখনো অনুমোদন হয়নি। অনুমোদন পেলে সংশ্লিষ্ট এলাকায় পূর্ণাঙ্গ পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।”
তিনি আরও জানান, পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি সেখানে ট্রাফিক ডিভিশন, যানবাহন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ইউনিট (এমটিও ওয়ার্কশপ) এবং পুলিশ লাইন্স স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যেখানে প্রায় ছয় হাজার ফোর্সের প্রয়োজন হতে পারে।

