নাটোরের সিংড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।
ভুক্তভোগী নারী এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানা এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। পরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

