নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, আহতরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী।
জানা যায়, বেলা ১টার দিকে ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে থাকা সবাই দগ্ধ হন।
সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন। চিকিৎসকরা তাদের অবস্থার ওপর নজর রাখছেন বলে জানা গেছে।

