লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য, একজন শিশু এবং দুইজন উদ্ধারকর্মী রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) দক্ষিণ লেবাননে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে এএফপি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হন। জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হন। এছাড়া বিন্ট জেবাইলে পৃথক হামলায় এক শিশু ও এক নারীসহ আরও চার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।
গত কয়েক মাস ধরে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, তারা মূলত হিজবুল্লাহ-এর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্য করছে।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা বাড়ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

