নাটোরের লালপুরে খেলার মাঠ থেকে সজীব কর্মকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পেছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজীব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পেছনের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সজীব কর্মকারের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

